সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফসলি জমিতে প্রস্তাবিত নদী পুনঃখননের দাবিকে গুজব ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলার ডিডি শাহবাজপুর বউ বাজারে উপজেলা বিএনপি এ প্রতিবাদ সভা করে।
সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান ও সদস্যসচিব আবদুল মান্নান মধুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাতে রাব্বি উথান জানান, গত ২৮ এপ্রিল শাহবাজপুর ও রসুলপুরসহ আশপাশের গ্রামের কয়েক শ কৃষক ও সাধারণ মানুষ ফুলজোড় নদীর পাড়ে ফসলি জমি ও পৈতৃক সম্পত্তিতে নদী পুনঃখননের প্রতিবাদে মানববন্ধন করেন। খনন কার্যক্রম বাস্তবায়িত হলে বিস্তীর্ণ আবাদি জমি নষ্ট হয়ে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে বলে গ্রামবাসী দাবি করেছেন।
নদী খননের কাজ ভিত্তিহীন ও গুজব উল্লেখ করে তিনি বলেন, উপজেলা বিএনপি নদী খনন নিয়ে সরকারের কাছে কোনো ধরনের নিয়ে প্রস্তাব দেয়নি। এমনকি প্রশাসন থেকেও প্রস্তাব দেওয়া হয়নি। নদী খননের কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। মূলত জামায়াত ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কিছু ষড়যন্ত্রকারী লোকজন কৃষকদের ভুল বুঝিয়ে বিভ্রান্তিমূলক মানববন্ধন করিয়ে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, কিছু কিছু গণমাধ্যমে এসেছে বিএনপি জোরপূর্বকভাবে খাল খনন শুরু করেছে। এসব একদম বিভ্রান্তমূলক খবর। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু করা হয়নি। নদী খনন তো দূরের কথা, যদি মাটি ভরাট করা লাগে আমরা জনগণের স্বার্থে সেটিই করব। এ সময় তিনি বিভ্রান্তমূলক সংবাদ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম বিএনপি সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অন্যদিকে প্রশাসনের সঙ্গে পক্ষ থেকে জানানো হয়েছে, ডিডি শাহবাজপুর এলাকায় ফুলজোড় নদী বা খাল খননের কোনো সরকারি পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।

