সিডনিতে যুব উন্নয়ন কেন্দ্র গড়ে তুলতে ব্যবসায়ীদের সমর্থন

0
সিডনিতে যুব উন্নয়ন কেন্দ্র গড়ে তুলতে ব্যবসায়ীদের সমর্থন

অস্ট্রেলিয়ার সিডনিতে ইসলামিক শিক্ষা ও যুব উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে এক অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মিন্টোর নওয়াব রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

গ্লেনকুয়ারি ইসলামিক এডুকেশন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (GIEYDC)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রায় ২৫ জন ব্যবসায়ী অংশ নেন। সভায় একটি উদ্দেশ্যভিত্তিক ইসলামিক শিক্ষা ও যুব উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা উপস্থাপন করেন ড. মো. সিরাজুল খান ও শামীম শামসুজ্জামান।

আলোচনায় অংশগ্রহণকারীরা তরুণদের জন্য মূল্যবোধভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে একটি নিবেদিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কামরুল ইসলাম ও সৈয়দ আকরামউল্লাহ।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা প্রকল্পটির প্রতি দৃঢ় সমর্থন জানান এবং এটিকে ভবিষ্যতমুখী ও শক্তিশালী কমিউনিটি গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা স্পন্সরশিপ, ফান্ডরেইজিং কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যতে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ভিত্তি গড়ে তুলবে। সভা শেষে কামরুল ইসলামের সৌজন্যে নৈশভোজ পরিবেশন করা হয়।

এর আগে গত মঙ্গলবার লাকেম্বায় অনুষ্ঠিত আরেকটি সভাও এ প্রকল্পের পক্ষে সমর্থন জোরদারে ভূমিকা রাখে বলে জানান আয়োজকরা। এদিকে প্রকল্পটির জন্য আগামী ১৮ এপ্রিল সিডনির পাঞ্চবলের ডায়মন্ড ভেনুজে একটি বড় ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়েছে, যেখানে কমিউনিটির সদস্য ও ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here