জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

0
জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজিয়ার্সের আগ্রহকে স্বাগত জানিয়েছে ঢাকা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। 

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের অগ্রগতিকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত জ্বালানি, শিক্ষা, কৃষি এবং দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারে নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগ ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশ-আলজেরিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আলজেরিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here