সিডনিতে জাবি অ্যালামনাইদের বর্ণাঢ্য বাংলা নববর্ষ উদ্‌যাপন

0
সিডনিতে জাবি অ্যালামনাইদের বর্ণাঢ্য বাংলা নববর্ষ উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া।

শনিবার (২ মে) সিডনির কাসুলা পার্কল্যান্ডসে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারসহ শতাধিক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল বাঙালির ঐতিহ্যবাহী হরেক পদের খাবারের সমাহার। ক্যাম্পাসের স্মৃতিবিজড়িত আড্ডা, প্রবাস জীবনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তরিক মতবিনিময়ে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। 

বিশেষ করে নবাগত শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে প্রবীণদের এই সেতুবন্ধন প্রবাসে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যসহ সিডনিতে বসবাসরত বহু জ্যেষ্ঠ অ্যালামনাই উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ ও ব্যবস্থাপনায় উৎসবটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও বাঙালির শাশ্বত সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করতেই এই উদ্যোগ। আগামী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

উপস্থিত সবাই বিদেশের মাটিতে দেশীয় আমেজ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দিনটিকে এক আনন্দঘন স্মৃতি হিসেবে অভিহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here