সিডনিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ডিআরএমসি এএএ–এর যাত্রা শুরু

0
সিডনিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ডিআরএমসি এএএ–এর যাত্রা শুরু

অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সিডনির রাইজেস পারামাট্টা–তে অনুষ্ঠিত হলো ঢাকা আবাসিক মডেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি অস্ট্রেলিয়া (ডিআরএমসি এএএ)–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী রেমিয়ানদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক বর্ণাঢ্য মিলনমেলায়, যা প্রবাসে রেমিয়ানদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সংগঠিত শক্তির নতুন দিগন্ত উন্মোচন করে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন সাফায়েত সিদ্দিকী সিয়াম। পাশাপাশি গীতা পাঠের মাধ্যমে তুলে ধরা হয় বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় রেমিয়ানদের অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল মূল্যবোধ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাফিস ইমতিয়াজ।

উদ্বোধনী বক্তব্যে খন্দকার মন্জুরুল খালেদ সোহাইল ডিআরএমসি এএএ–এর লোগো ও অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন করেন এবং সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন। পরবর্তীতে জেনারেল সেক্রেটারি সোলায়মান দেওয়ান দানি সংগঠনের মিশন ও ভিশন ব্যাখ্যা করে প্রবাসী রেমিয়ানদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সংগঠনের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অফিস বেয়ারার সৈয়দ ইসতিয়াক আহমেদ বলেন, ডিআরএমসি এএএ হবে সব রেমিয়ানের সম্মিলিত উদ্যোগ—যার ভিত্তি হবে স্বচ্ছতা, গণতন্ত্র ও জবাবদিহিতা। অন্যদিকে ট্রেজারার মাহবুব আবদুল্লাহ সংগঠনের আর্থিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

“Prosperity and Future of the Young Remians” শীর্ষক আলোচনায় রাসেল মাজিদ তরুণ প্রজন্মের শিক্ষা, নেতৃত্ব ও ক্যারিয়ার উন্নয়নে সংগঠনের ভূমিকা তুলে ধরে mentorship ও skill development–কে অগ্রাধিকার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

নাফিজ রহমান সংগঠনের আসন্ন কার্যক্রম তুলে ধরে জানান, মেম্বারশিপ সুবিধা, ক্রীড়া ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী, গ্র্যান্ড রিইউনিয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন কমিউনিটি সার্ভিস কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।

সংগঠনের প্রেসিডেন্ট ড. হালিম চৌধুরী ব্যক্তিগত মতভেদ ভুলে সকল রেমিয়ানকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ডিআরএমসি এএএ–কে একটি অন্তর্ভুক্তিমূলক, ভ্রাতৃত্বপূর্ণ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়। তাদের মধ্যে ছিলেন ইসতিয়াক আহমেদ (হিমেল), কাউন্সেলর ও অ্যাক্টিং হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশন নিউজিল্যান্ড; ড. মইনুল হক নবীন, সিনিয়র লেকচারার, Deakin University; ড. হায়দার আলি প্রামানিক ও মিসেস ফাতেমা জোহরা, ভাইস প্রিন্সিপাল, ডিআরএমসি; এবং মিসেস সাবেরা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. খাইরুল চৌধুরী, মুহিবল আলম, এলান খান ও ইমরান হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রোফাইল ছবি ও গ্রুপ ফটোশুট, যা প্রজন্ম থেকে প্রজন্মে রেমিয়ানদের বন্ধনকে দৃশ্যমান করে তোলে। পাশাপাশি তাহমিদ অরিত্রোর প্রস্তুত করা গ্রাফিক ও প্রেজেন্টেশন অনুষ্ঠানে পেশাদারিত্বের ছোঁয়া এনে দেয়।

ডিআরএমসি এএএ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী রেমিয়ানদের মধ্যে ঐক্য, সম্পৃক্ততা ও সামাজিক সহযোগিতা আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here