জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা মৎস্যজীবী দলের সভাপতির মধ্যে ফোনালাপের অডিও রেকর্ড বিকৃতভাবে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রচার করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান।
সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলা অফিস সংলগ্ন জেলা শ্রমিক দলের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেখ আব্দুস সোবহান জানান, ছনকান্দা-চরযথার্থপুর বালুমহালের ইজারার বিষয়ে বালুমহাল সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতেই তিনি জেলা মৎস্যজীবী দলের সভাপতি আ. হালিমের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।
সেই কথোপকথন কেটে-ছেঁটে, বিকৃতভাবে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে। যা গত দুইদিন ধরে প্রচারিত হচ্ছে। এর মাধ্যমে তার ব্যক্তিগতভাবে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
তিনি এই পরিকল্পিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

