অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে নগরবাউল জেমস ও কলকাতার গায়ক রূপম ইসলামের ব্যান্ড ‘ফসিলস’কে।
আগামী সেপ্টেম্বরে হবে ‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের এই কনসার্টটি। দুই বাংলার আয়োজকদের সম্বনয়ে কনসার্ট আয়োজন করেছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।
আয়োজকদের একজন তানিম মান্নান বলেন, “আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে আসছেন বাংলা রক গানের দুইজন জেমস ও রূপম।”
‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের এই কনসার্টে প্রায় সাড়ে ৩ হাজার দর্শক অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন এই আয়োজক।
একের পর এক কনসার্ট নিয়ে দেশ ও বিদেশে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল ব্যান্ড। কনসার্টের পাশাপাশি বেশ কিছু নতুন গানের কাজও চলছে। তবে গানগুলো প্রকাশের দিন তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নগরবাউল ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর।
এদিকে, শিল্পী রূপম ইসলাম এই মুহূর্তে তার বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। পাশাপাশি ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। ২০২৪ সালে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে এক মঞ্চে পারফর্ম করেছিলেন রূপম ও জেমস।

