অবশ্যই ইরান ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইনফান্তিনো

0
অবশ্যই ইরান ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইনফান্তিনো

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশ নেওয়ার বিষয়টি আবারও জোরালোভাবে নিশ্চিত করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতে ইনফান্তিনো বলেন, ‘শুরুতেই আমি পরিষ্কারভাবে নিশ্চিত করতে চাই, অবশ্যই ইরান ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে।’

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত ৪৮ দলের সম্প্রসারিত এই বিশ্বকাপে প্রতিটি দল, কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফদের বেশ কয়েকবার বিভিন্ন দেশের মধ্যে যাতায়াত করতে হবে। এতে ভিসা সীমাবদ্ধতা বা কূটনৈতিক উত্তেজনা কিছু দেশের পরিকল্পনায় জটিলতা সৃষ্টি করতে পারে।

ইরান গত বছর এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা বিশ্বকাপের জন্য ভালো লক্ষণ নয়। 

এই টুর্নামেন্ট ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দু’টি লস এ্যাঞ্জেলস এবং একটি সিয়টলে।

যদি যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজ নিজ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে। তবে ৩ জুলাই ডালাসে একটি নকআউট ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ইরানের অংশগ্রহণ ঘিরে কিছু জটিলতা রয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু চেয়েছিল। ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং জানিয়ে দিয়েছে নির্ধারিত সূচিই বহাল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here