আখতার রাফি : আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি.-এর আসন্ন ১৮ এপ্রিলের নির্বাচনকে কেন্দ্র করে রাজ্জাক-মনিরুল ও হাসান আলী পরিষদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ তুলে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ। ১৫ এপ্রিল বুধবার বিকেল ৫টায় ব্যাংকটাউন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় এ অভিযোগ তুলে ধরেন পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা জানান, বর্তমান কমিটি প্রথমে ১৫৮ জনের খসড়া ভোটার তালিকা প্রণয়ন করলেও পরবর্তীতে সকল সদস্যকে সুযোগ দিতে যাচাই-বাছাই শেষে ৩৮৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি এ তালিকা অনুযায়ী ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। তবে প্রতিপক্ষের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করা হয়। এছাড়া ভোটার পরিচয় নিশ্চিত করতে আইডি কার্ড চালুর উদ্যোগেও বাধা দেওয়া হয় বলে দাবি করা হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটার যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে খেলার মাঠ বিক্রির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে দুই দফা তদন্তেও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। বরং অভিযোগকারীদের বিরুদ্ধেই জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ তোলা হয়। বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ বিভিন্ন মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।

