‘মাই ৬০০ এলবি লাইফ’ খ্যাত তারকা ডলি মার্টিনেজ আর নেই, বয়স ছিল ৩০

0
‘মাই ৬০০ এলবি লাইফ’ খ্যাত তারকা ডলি মার্টিনেজ আর নেই, বয়স ছিল ৩০

মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি সিরিজ ‘মাই ৬০০ এলবি লাইফ’র আলোচিত মুখ ডলি মার্টিনেজ আর নেই। মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

ডলির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বোন লিন্ডসে কুপার। মার্কিন সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় লিন্ডসে লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার সুন্দরী বোন আর নেই। ডলির ব্যক্তিত্ব ছিল অসাধারণ—তার হাসি, দয়া ও স্নেহময়তা যেকোনো পরিবেশকে আলোকিত করত। তার উষ্ণতা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’

তিনি আরও লেখেন, ‘ডলির চলে যাওয়ায় আমরা ভেঙে পড়েছি। তবে সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এখন স্বর্গে আমাদের বাবার সঙ্গে আছে। শান্তিতে ঘুমাও—তোমাকে সবসময় ভালোবাসা হবে, কখনো ভোলা যাবে না।’

এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর ভক্তদের কাছে বোনের জন্য দোয়া ও সহানুভূতি কামনা করেছিলেন লিন্ডসে। কয়েকদিনের মধ্যেই আসে এই দুঃসংবাদ।

প্রসঙ্গত, টিএলসি’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাই ৬০০ এলবি লাইফ’র দশম সিজনে অংশ নিয়ে পরিচিতি পান ডলি মার্টিনেজ। এই শোতে ৬০০ পাউন্ডের বেশি ওজনের মানুষের ওজন কমানোর সংগ্রাম এবং সম্ভাব্য অস্ত্রোপচারের যাত্রা তুলে ধরা হয়।

২০২১ সালের পর্বে ডলির ওজন ছিল প্রায় ৫৯৩ পাউন্ড এবং তিনি সাপ্লিমেন্টাল অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন। তাকে শোয়ের বিখ্যাত ব্যারিয়াট্রিক সার্জন ডা. নাউ’র তত্ত্বাবধানে দেখা যায়। চিকিৎসার জন্য তিনি হিউস্টনে স্থানান্তরিতও হন। তবে শেষ পর্যন্ত শোতে তিনি প্রায় ৪০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হলেও অস্ত্রোপচারের অনুমোদন পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here