সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

0

আখতার রাফি : সাভারে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানটি সোমবার (১৬ মার্চ ২০২৬ ইং) ভোর ৪টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিলন হোসেন (৪৮), মোঃ মনির হোসেন (৪৬), মোঃ রাশেদুজ্জামান মুন্না (৩৪) এবং হযরুল ইসলাম রানা (৪২)। তাদের মধ্যে কেউ সাভারের তেতুঁলঝোড়া এলাকার বাসিন্দা, কেউ মানিকগঞ্জ ও লালমনিরহাট জেলার হলেও বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় বসবাস করছেন।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়, যা তারা ডাকাতির কাজে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মিলন হোসেনের বিরুদ্ধে ৮টি, মনির হোসেনের বিরুদ্ধে ৬টি, রাশেদুজ্জামান মুন্নার বিরুদ্ধে ১টি এবং হযরুল ইসলাম রানার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (মামলা নং–৫৩, তারিখ: ১৬ মার্চ ২০২৬ ইং) দায়ের করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here