সাফ শিরোপা জেতায় র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

0
সাফ শিরোপা জেতায় র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক শিরোপা জয়ের সুফল পেল বাংলাদেশ নারী ফুটসাল দল। সর্বশেষ প্রকাশিত ফিফা ফুটসাল র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগের ৪৪তম স্থান থেকে উঠে এখন বাংলাদেশের অবস্থান ৪২ নম্বরে। শুক্রবার হালনাগাদ ফুটসাল র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নারী ও পুরুষ—দুই বিভাগেই শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। নারী বিভাগে এবার মোট ৯৬টি দেশ এবং পুরুষ বিভাগে ১৪৩টি দেশ জায়গা পেয়েছে।
নারী বিভাগের শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন আসেনি। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত আগের র‌্যাংকিংয়ের মতো এবারও যথাক্রমে ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, ইতালি ও জাপান নিজেদের অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশ নারী ফুটসাল দল প্রথমবার আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছিল ২০১৭ সালে, যখন তারা এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপে অংশ নেয়। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করছে দলটি।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে বাংলাদেশ। অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে সাত জাতির এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতে নেয় দলটি। পুরো আসরে পাঁচ ম্যাচে জয় এবং একটি ম্যাচে ড্র করে দুর্দান্ত আধিপত্য দেখায় আফিদা-আল্পিরা।

অন্যদিকে, ফিফা ফুটসাল র‌্যাংকিংয়ে বাংলাদেশ পুরুষ দলের বর্তমান অবস্থান ১৩৯তম। গত বছর প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নেওয়ার পর সাফ ফুটসালেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশের পুরুষ দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here