গাড়িতে আসছে গুগলের জেমিনি এআই: বদলে যাবে চালকের অভিজ্ঞতা

0
গাড়িতে আসছে গুগলের জেমিনি এআই: বদলে যাবে চালকের অভিজ্ঞতা

গাড়িভিত্তিক প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী জেমিনি এআই যুক্ত করেছে গুগল এলএলসি। এর ফলে গাড়ি চালানোর সময় ভয়েস কমান্ড ব্যবহার আরও স্বাভাবিক ও স্মার্ট হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের নতুন আপডেট অনুযায়ী, যেসব গাড়িতে আগে থেকেই ‘গুগল বিল্ট ইন’ সুবিধা রয়েছে, সেখানে ধাপে ধাপে জেমিনি এআই চালু করা হবে। এর মাধ্যমে আগের ভয়েস অ্যাসিস্ট্যান্টের তুলনায় আরও উন্নত ও কথোপকথনভিত্তিক সহায়তা পাওয়া যাবে।

নতুন এই প্রযুক্তির অন্যতম সুবিধা হলো নির্দিষ্ট কমান্ড মুখস্থ করার প্রয়োজন হবে না। চালক সাধারণ ভাষায় কথা বললেই সিস্টেম নির্দেশ বুঝতে পারবে। যেমন কাছাকাছি ভালো রেস্তোরাঁ খোঁজা, ট্রাফিক পরিস্থিতি জানা কিংবা দ্রুততম পথ বেছে নেওয়ার মতো কাজ সহজেই করা যাবে।

জেমিনি সরাসরি গুগল ম্যাপস থেকে তাৎক্ষণিক তথ্য নিয়ে ট্রাফিক আপডেট ও নেভিগেশন সেবা দেবে। ফলে যাত্রাপথের সময় ও রুট সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া মেসেজ পাঠানো, গান চালানো কিংবা বিভিন্ন বিনোদনমূলক কনটেন্ট নিয়ন্ত্রণেও সহায়তা করবে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট। এতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার কমবে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।

গুগল পরীক্ষামূলকভাবে ‘জেমিনি লাইভ’ সুবিধাও চালু করছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গাড়িতে বসেই স্বাভাবিক আলাপচারিতার মতো করে এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। ভ্রমণ পরিকল্পনা, আশপাশের তথ্য কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তরও পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে জেমিনি আরও বেশি ভাষা সমর্থন করবে। পাশাপাশি জি-মেইল,গুগল ক্যালেন্ডার এবং স্মার্ট হোম ডিভাইসের সঙ্গে আরও গভীর সংযুক্তি আনা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একই প্ল্যাটফর্ম থেকে দৈনন্দিন ডিজিটাল কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here