সাতক্ষীরায় ৫ মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

0
সাতক্ষীরায় ৫ মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।

নিহত তাছলিমা খাতুনের বয়স ৩৮ বছর। তার ১২ ও ৯ বছর বয়সী দুই সন্তান রয়েছে। 

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়ার টাকার জন্য প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতো এবং একাধিকবার প্রাণনাশের হুমকিও দিয়েছিল।

স্বজনরা জানান, ঘটনার রাতে সন্তানদের ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে তাছলিমাকে অন্য একটি কক্ষে নিয়ে যায় সাদ্দাম। পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়। কক্ষটি বাইরে থেকে বন্ধ থাকায় মায়ের গোঙানির শব্দ শুনলেও সন্তানরা ভেতরে যেতে পারেনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পারিবারিক কলহ ও অর্থসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here