২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বেড়েছে মাত্র ২ কোটি টাকা। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮২৬ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৪৮৫ কোটি এবং উন্নয়ন ব্যয় রয়েছে ৩৪১ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৮২৪ কোটি টাকা। সংশোধিত বাজেট ছিল ৭৫৩ কোটি টাকা। গত বাজেটের তুলনায় মাত্র ২ কোটি টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বরাদ্দ প্রস্তাব করেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
সংস্কৃতি মন্ত্রণালয়ে মোট বাজেটের ১ শতাংশের কম (০.০৯) বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও দেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে ন্যূনতম ২ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছিল দেশের সংস্কৃতি কর্মীরা। দেশের সাংস্কৃতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের কথা তুলে এই দাবি জানানো হয়।
তবে সরকার এবারের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতির ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছে। ক্রিয়েটিভ শিল্পের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণে কার্যক্রম নেওয়া হয়েছে। যা সংস্কৃতি খাতকে আরও সমৃদ্ধ করবে।
২০২৬-২৭ অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এই খাতে বংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে।

