সংযোগ সড়ক বন্ধ হওয়ায় ‘বিএনপি কলোনি’র হাজারো মানুষের ভোগান্তি

0
সংযোগ সড়ক বন্ধ হওয়ায় ‘বিএনপি কলোনি’র হাজারো মানুষের ভোগান্তি

লালমনিরহাট-রংপুর মহাসড়ক থেকে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ সড়কটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো বাসিন্দা। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এখন কলোনি থেকে মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাসিন্দাদের প্রায় এক কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।

২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই কলোনির বাসিন্দারা প্রায় ২৫ বছর ধরে শিশু পার্কের পশ্চিম পাশের এই সড়কটি ব্যবহার করে আসছেন।

শনিবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত রেললাইনের পাত বসিয়ে সংযোগ সড়কটি বন্ধ করে দেয়। এই পথটি বিএনপি কলোনির হাজারো বাসিন্দা ছাড়াও সরকারি শিশু পরিবারের শিক্ষার্থী এবং বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের প্রধান মাধ্যম ছিল।

স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া জানান, বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব না দিয়েই রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

আরেক বাসিন্দা শফিয়ার রহমান আক্ষেপ করে বলেন, পুরো রাস্তা বন্ধ না করে অন্তত একটি রিকশা চলাচলের মতো জায়গা রাখার আবেদন জানানো হলেও তা মানা হয়নি।

রাস্তা বন্ধের সময় উপস্থিত লালমনিরহাট রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা এই ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও দাবি করেন, একসময় এই রাস্তাটি বন্ধই ছিল এবং তারা কেবল দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি জনসাধারণের চলাচলের পথ হঠাৎ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের দুর্ভোগ বেড়ে গেছে। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সড়কটি পুনরায় চালুর দাবি জানান।

এদিকে, বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খানের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here