শ্রীলঙ্কাকে হটিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

0
শ্রীলঙ্কাকে হটিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর এই উন্নতি পেয়েছে টাইগাররা।

র‍্যাঙ্কিং অনুযায়ী, চলতি বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত, তাদের পয়েন্ট ২৭৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২, আর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)।

আইসিসির বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।

শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা (২৪৪ পয়েন্ট), ষষ্ঠ স্থানে পাকিস্তান (২৪০ পয়েন্ট) এবং সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ পয়েন্ট) রয়েছে।

অন্যদিকে, ৬ পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের পেছনে ফেলে ২২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ১।

র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে রয়েছে আফগানিস্তান (২২০ পয়েন্ট)। এছাড়া একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড।

এদিকে, ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে যুক্তরাষ্ট্র। তারা পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে, তারা এখন যথাক্রমে ১৪ ও ১৫তম স্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here