২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সেলেসাও কিংবদন্তি কাফু। দুইবারের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক মনে করেন, বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও একটি বিশেষ দিকে নেইমার এগিয়ে আছেন। কাফুর মতে, কারিগরি (টেকনিক্যাল) দক্ষতার বিচারে নেইমার এই দুই মহাতারকার তুলনায় অধিকতর প্রতিভাশালী। সাবেক এই রাইট ব্যাকের এমন মন্তব্য ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
দ্যা টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাফু বলেন, ফুটবলের টেকনিক্যাল দিক বিবেচনায় নেইমার অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে শ্রেষ্ঠ। তিনি বিশ্বাস করেন, মেসি এবং রোনালদো বিশ্ব ফুটবলে যে উচ্চতা অর্জন করেছেন তা অনস্বীকার্য হলেও বলের ওপর নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত মুন্সিয়ানার ক্ষেত্রে নেইমার তাদের ছাড়িয়ে গেছেন। কাফুর ভাষায়, নেইমার যদি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ থাকেন, তবে যেকোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন তিনি।
তবে বিশ্বকাপে নিজের জায়গা সুনিশ্চিত করতে নেইমারকে এখন ফিটনেসের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বর্তমানে নেইমার তার পুরনো ক্লাব সান্তোসে খেলছেন এবং ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করছেন। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দেরই তিনি স্কোয়াডে রাখবেন। এমতাবস্থায় কিংবদন্তি কাফু মনে করেন, আনচেলত্তি এবং নেইমারের নিজের ওপরই নির্ভর করছে আসন্ন আসরে তার খেলার বিষয়টি।
সূত্র: মার্কা

