রাজধানী ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গাইবান্ধা কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন ছাত্র নেতা মোখলেছুর রহমান, কল্লোল, ধনঞ্জয়, আশরাফি আক্তারসহ অন্যান্যরা।
বক্তারা নিষ্পাপ শিশু রামিসাকে বর্বরোচিত ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করেন।
বক্তারা বলেন, নারী শিশু নির্যাতন, বলাৎকার এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি এখন জাতীয় মহামারিতে পরিণত হয়েছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে। সাক্ষীর অভাব আর আসামিদের জামিন পাওয়ার বিচার হীনতার সংস্কৃতির কারণে এসব ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলছে।

