শিল্পকলা একাডেমিতে থিয়েটারের ‘নিখাই’

0
শিল্পকলা একাডেমিতে থিয়েটারের ‘নিখাই’

নাটকের দল থিয়েটারের দর্শকনন্দিত নাটক ‘নিখাই’ আবারও মঞ্চস্থ হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দলটির ৩৪তম প্রযোজনার এটি ছিল ৯৯তম মঞ্চায়ন।

মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন করা হয়। ব্রিটিশ শাসনামলকে পটভূমি করে রচিত নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন গাজী রাকায়েত।

ব্রিটিশ শাসনামলের একটি স্টিমার ঘাটকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনি। সেখানে নানা ধরনের লোকের আনাগোনা। স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ ১০ বছর ধরে এই ঘাটকে আঁকড়ে পড়ে আছেন। রাত-বিরাতে এই ঘাটে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়।

একদিন হঠাৎ মাঝরাতে এক দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হন। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু কোনো মাঝি না পাওয়ায় অপেক্ষা করতে হয়। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় ‘নিখাই’ এর কাহিনি।

নাটকটি নিয়ে নির্দেশক গাজী রাকায়েত বলেন, ‘পৃথিবীকে বাঁচাতে হলে মানুষের সঙ্গে মানুষের যে ব্যবধান, সেটাকে ঘোচাতে হবে। এর কোনো বিকল্প নেই। বৈষম্যহীন মানবিকতাকে ধারণ করেই এ নাটকের কাহিনি।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন থিয়েটারের নিয়মিত নাট্যকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here