লাহোরকে বিদায় করে প্লে-অফে হায়দরাবাদ, পিএসএলে সেরা চারে উঠল যারা

0
লাহোরকে বিদায় করে প্লে-অফে হায়দরাবাদ, পিএসএলে সেরা চারে উঠল যারা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের প্রথম পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে নির্ধারিত হয়ে গেছে শেষ চার দল। গ্রুপ পর্বের শেষ দিনের নাটকীয়তায় লাহোর কালান্দার্সকে পেছনে ফেলে প্লে-অফের টিকিট কেটেছে হায়দরাবাদ কিংসমান। তাদের সাথে সেরা চারে আগেই জায়গা নিশ্চিত করেছিল পেশোয়ার জালমি, মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড।

সেরা চারে ওঠার লড়াইয়ে আজ সবচেয়ে কঠিন সমীকরণ ছিল হায়দরাবাদ কিংসমানের সামনে। চতুর্থ দল হিসেবে প্লে-অফে যেতে হলে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে শুধু জয় নয়, বড় ব্যবধানে জেতার প্রয়োজন ছিল তাদের। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ।

লাহোর কালান্দার্সকে টপকে নেট রানরেটে এগিয়ে যেতে হলে রাওয়ালপিন্ডিকে ১৫৮ রানের মধ্যে আটকাতে হতো তাদের। মোহাম্মদ রিজওয়ানের রাওয়ালপিন্ডি মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে গেলে ১০ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে শেষ চারে পৌঁছে যায় হায়দরাবাদ।

এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার জালমি। টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি লড়ছে। এই ম্যাচের জয়ী দলই টেবিলের দ্বিতীয় স্থান দখল করবে এবং প্রথম কোয়ালিফায়ারে পেশোয়ারের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।

এদিকে নাটকীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান নিশ্চিত করেছে নবাগত  হায়দরাবাদ কিংসমান। নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়ে প্লে-অফের স্বপ্ন উজ্জ্বল করেছিল লাহোর কালান্দার্স। কিন্তু হায়দরাবাদ কিংসমান তাদের শেষ ম্যাচে অসম্ভবকে সম্ভব করায় ১০ পয়েন্ট নিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।

এখন ক্রিকেট ভক্তদের নজর ইসলামাবাদ ও মুলতানের মধ্যকার ম্যাচের দিকে, যেখান থেকে নির্ধারিত হবে প্লে-অফের চূড়ান্ত সূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here