লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে শাহিনুর বেগম ও তাঁর তিন মেয়েকে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্র সমাজের ব্যানারে রায়পুর থানার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি এবং স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অন্যরা।
বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, ‘আমরা আমাদের মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তাঁর পরিবারের সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।

