রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মাসুদ চৌধুরী

0
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মাসুদ চৌধুরী

রাজধানীর মিরপুরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিপ্লব শেখকে (১৯) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার (০৭ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বাসস-কে এ তথ্য জানান। 

এর আগে গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। গত ২৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার এ মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় চলমান আন্দোলনে অংশ নেন বিপ্লব শেখ। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন বিপ্লব শেখ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here