রাজস্থলীতে কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

0
রাজস্থলীতে কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে কাপ্তাই হ্রদে ডুবে মো. হাবিবুর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি মাদ্রাসা থেকে ফিরে বাসায় এসে দাদিকে খুঁজতে থাকে। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটি ঘরের পাশের কাপ্তাই হ্রদের পাড়ে চলে যায় এবং পানি নিয়ে খেলতে গিয়ে কোনোভাবে পানিতে পড়ে তলিয়ে যায়।

দাদি বাসায় ফিরে নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মা ও পরিবারের সদস্যরা আশপাশে খুঁজেও তাকে না পেয়ে হ্রদের পাড়ে যান। সেখানে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির মৃত্যু পানিতে ডুবে হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here