রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

0
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

১৯৯৬ সালে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী আকাশসীমায় দুটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। সাবেক এই কমিউনিস্ট নেতার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রসহ একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মিয়ামির ফ্রিডম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মামলা প্রকাশের ঘোষণা দেন। এটি মূলত ২০০৩ সালের একটি মামলার পুনঃপ্রক্রিয়াকরণ।

মামলার বিবরণ অনুযায়ী, কিউবান-আমেরিকান সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে রাউল কাস্ত্রো ও আরও পাঁচজনের বিরুদ্ধে। ওই ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজন নিহত হন। নিহতরা হলেন—আরমান্ডো আলেজান্দ্রে জুনিয়র, কার্লোস আলবার্তো কোস্টা, মারিও ম্যানুয়েল দে লা পেনা এবং পাবলো মোরালেস। ঘটনার সময় ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।

মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনি ভিত্তিহীন বলে দাবি করেছেন কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। তিনি অভিযোগ করেন, কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করতে যুক্তরাষ্ট্র এই মামলাকে ব্যবহার করছে। কিউবা সে সময় নিজেদের জলসীমায় বৈধ আত্মরক্ষার স্বার্থে পদক্ষেপ নিয়েছিল বলেও তিনি দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, কিউবান-আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং মানবিক কারণে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

সাবেক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাউল কাস্ত্রোকে ধরে আনতে কোনো সামরিক অভিযান চালানো হবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে আদালতে হাজির করা হবে বলে তারা আশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here