সিডনিতে রবীন্দ্রপ্রেমীদের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল প্রভাত ফেরী ও বিগ বি। গত শনিবার সিডনির রিচার্ড বোনিং কনসার্ট হল–এ অনুষ্ঠিত হয় রেজওয়ানা চৌধুরী বন্যার লাইভ ইন কনসার্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি দুই বাংলার সংস্কৃতিপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়।
দর্শকের উপস্থিতিতে কনসার্ট হল ছিল পরিপূর্ণ। দেশিয় সাজে সজ্জিত দর্শকদের অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও বর্ণিল। অনুষ্ঠানজুড়ে ছিল রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের প্রকাশ।
কনসার্ট হলের প্রবেশমুখে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও ফুল দিয়ে সাজানো একটি বিশেষ কর্নার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বনানী বিশ্বাসের পরিকল্পনায় সাজানো এই কর্নারে ছবি তুলতে ভিড় করেন রবীন্দ্র প্রেমীরা। একজন রবীন্দ্র প্রেমী রবীন্দ্রনাথের সাজে উপস্থিতি পুরো অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাত ফেরীর কর্ণধার শ্রাবন্তী কাজী এবং বিগ বি’র পরিচালক রিপন বড়ুয়া। তাঁদের প্রাণবন্ত, তথ্যসমৃদ্ধ ও সাবলীল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। কবি ও শিল্পীর প্রতি শ্রদ্ধাশীল ভাষা এবং রসবোধপূর্ণ পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
মঞ্চসজ্জায় ছিল অস্ট্রেলিয়ার আদিবাসী শিল্পধারার সঙ্গে নান্দনিকতার এক চমৎকার সমন্বয়। সজ্জার দায়িত্বে ছিলেন রিপন বড়ুয়া। সাউন্ড ম্যানেজমেন্টে সৈকতের দক্ষতায় প্রতিটি গান নিখুঁতভাবে পৌঁছে যায় দর্শকদের হৃদয়ে।
এছাড়া অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও সম্মাননা জানানো হয়। এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দেবীকা মাইগ্রেশন সার্ভিসেসের অমিতাভ দেব। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্রেইনটেক গ্রুপ, কে এইচ পার্টনারস, নভেল একোয়াটেক, ডিটিডিসি এবং রিয়েল হোম প্রপার্টিজ।
কনসার্টের শুরুতেই অর্ণব সাহা ফুল দিয়ে বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানান। প্রথম পর্বে তিনি নিজের পছন্দের তালিকা থেকে একের পর এক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। প্রতিটি গানের আগে তিনি সংক্ষেপে গানটির প্রেক্ষাপট ও রবীন্দ্রনাথের ভাবনা তুলে ধরেন, যা দর্শকদের সঙ্গে শিল্পীর সংযোগকে আরও গভীর করে তোলে।
দ্বিতীয় পর্বে দর্শকদের অনুরোধে গান পরিবেশন করতে করতে তিনি যেন পুরো কনসার্ট হলকে সুরের মায়াজালে আবদ্ধ করে ফেলেন। দর্শকরাও গলা মিলিয়ে অংশ নেন গানে। সুর, তাল, লয় আর আবেগের মিশেলে সৃষ্টি হয় এক অপূর্ব আবহ, যা উপস্থিত সবার জন্য হয়ে ওঠে স্মরণীয় অভিজ্ঞতা।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক ও যন্ত্রশিল্পীদের হাতে উপহার তুলে দেন শ্রাবন্তী কাজী, সোলায়মান দেওয়ান, বাসব রায় এবং অর্ণব সাহা। আর রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অমিতাভ দেব।

