গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মৃদুল শেখ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সামিউল মোল্লা নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৃদুল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, উলপুর থেকে রিকশায় করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন মৃদুল শেখ। ভেড়ারবাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা যাত্রী মৃদুল শেখ সড়কে ছিটকে পড়ে নিহত হন এবং চালক সামিউল মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃদুল শেখকে মৃত ঘোষণা করেন। আহত রিকশা চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

