যুক্তরাষ্ট্রে নিরাপত্তা শঙ্কায় মেক্সিকোতে ম্যাচ সরিয়ে নিতে চায় ইরান

0
যুক্তরাষ্ট্রে নিরাপত্তা শঙ্কায় মেক্সিকোতে ম্যাচ সরিয়ে নিতে চায় ইরান

২০২৬ বিশ্বকাপ ফুটবলের আসরে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের দাবি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ইরানের জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর এমন নাটকীয় মোড় নিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর। 

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে যখন সরাসরি খেলোয়াড়দের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে অপারগতা প্রকাশ করা হয়েছে, তখন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে দল পাঠাতে রাজি নন। এই মুহূর্তে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সাথে তাদের জোর আলোচনা চলছে।

মেক্সিকোর ইরান দূতাবাস থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ জানান, যুক্তরাষ্ট্র সরকার ইরানি প্রতিনিধি দলকে ভিসা প্রদান এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে অসহযোগিতা করছে। এরই প্রেক্ষিতে তিনি ফিফাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন যাতে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে না রেখে মেক্সিকোতে স্থানান্তর করা হয়। 

বর্তমান সূচি অনুযায়ী ইরানের তিনটি ম্যাচ লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছিলেন যে ট্রাম্প প্রশাসন ইরানি দলকে স্বাগত জানাবে। তবে গত সপ্তাহে ট্রাম্পের এক মন্তব্য সব হিসেব পাল্টে দেয়। তিনি বলেছিলেন, খেলোয়াড়দের নিজস্ব জীবন এবং নিরাপত্তার স্বার্থে তাদের এই টুর্নামেন্টে খেলতে আসা উচিত নয়। 

ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর থেকে ইরানকে বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই। তবে নিরাপত্তার খাতিরে ভেন্যু পরিবর্তনের দাবি থেকে তারা সরছে না। এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here