মোংলার জয়মনি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড সূচনালগ্ন থেকে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় মোংলার চিলা ইউনিয়নের জয়মনি উচ্চ বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে ২২১ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

