বরিশালের মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহবুব হোসেন বাবু (২৮) উপজেলার পশ্চিম সাদেকপুর গ্রামের বাসিন্দা দুলাল রাঢ়ীর ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনউদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে চুনারচর এলাকার একটি চায়ের দোকানে অবস্থান করা বাবুকে মারধর করে প্রতিপক্ষ। পরে তাকে স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহত বাবু পেশায় রাজমিস্ত্রি ছিলেন। হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

