মেহেরপুরের গাংনী উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে গভীর রাতে ভাঙচুর ও তছনছের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসের গেটের গ্রিল ও একাধিক তালা ভেঙে বিভিন্ন কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র এলোমেলো করে রেখে গেছে। তবে কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা তালা ভাঙা ও কক্ষগুলো তছনছ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম বলেন, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সাব-রেজিস্ট্রি অফিসের গেটের গ্রিল ভেঙে এবং কয়েকটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও কাগজপত্র এলোমেলো করে রেখে যায়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কী কী নথি বা মালামাল খোয়া গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

