মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে মিরকাদিম পৌরসভা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।
মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ কর মওকুফের বিশেষ সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করদাতারা এ সেবা গ্রহণ করতে পারবেন। আগামী ১৮ জুন পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, করদাতাদের কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং নাগরিকদের বকেয়া পৌরকর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, কর আদায় বৃদ্ধি পেলে নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কাইয়ুম চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল হকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

