মাদারীপুরের কালকিনিতে হত্যা, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার রাজধানীর ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ফয়সাল তালুকদারকে ধরতে পুলিশের অভিযান চলছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। ওই ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। এছাড়া একই এলাকায় এক চা দোকানির মরদেহ উদ্ধারের ঘটনাতেও তার সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে স্থানীয়দের মধ্যে।
ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি এলাকায় স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার তদন্ত চলছে এবং সাম্প্রতিক অভিযোগগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তার সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

