ট্রেনের নিচে ঝাঁপিয়ে গৃহবধূর আত্মহত্যা

0
ট্রেনের নিচে ঝাঁপিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নিলুফা বেগম (৫০)। তিনি পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করে নিলুফা বেগম রেললাইনের পাশে দৌড়াতে থাকেন। এ সময় কুশাডাঙ্গা রেলগেট এলাকায় পৌঁছে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি।

এ সময় স্ত্রীকে বাঁচাতে তার স্বামী আরব আলী পেছন থেকে দৌড়ে এসে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন নিলুফা বেগম। পরে স্থানীয়রা স্বামীকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রীকে বাঁচাতে গিয়ে আরব আলী নিজেও আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী আসমা বেগম বলেন, রেললাইনের পাশে দৌড়ানোর সময় স্বামী তাকে থামানোর চেষ্টা করেন এবং অনুনয় করতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটে যায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিঞ্চন সাহা জানান, হাসপাতালে আনার আগেই নিলুফা বেগমের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here