মাথাচাড়া দিয়ে উঠছে সোমালিয়ার জলদস্যুরা, আতঙ্কে নাবিকরা

0
মাথাচাড়া দিয়ে উঠছে সোমালিয়ার জলদস্যুরা, আতঙ্কে নাবিকরা

ইয়েমেন উপকূলে আবারও জলদস্যুতার কবলে পড়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার। ইয়েমেনি কোস্টগার্ড এবং সোমালি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এমটি ইউরেকা নামের এই জাহাজটিকে অপহরণ করে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 

এডেন উপসাগরের কানা বন্দরের কাছ থেকে একদল সশস্ত্র জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। দস্যুরা সোমালিয়ার স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড অঞ্চলের কান্দালা নামক উপকূলীয় এলাকা থেকে তাদের অভিযান শুরু করেছিল বলে নিশ্চিত করেছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।

পশ্চিম আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী এই জাহাজটি আজ স্থানীয় সময় ভোর ৫টার দিকে আক্রান্ত হয়। বর্তমানে এটি এডেন উপসাগরের মধ্যবর্তী অবস্থানে রয়েছে এবং ধারণা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি সোমালিয়ার জলসীমায় নোঙর ফেলবে। উদ্বেগজনক বিষয় হলো, গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় কোনো তেলবাহী ট্যাঙ্কার ছিনতাইয়ের ঘটনা। 

এর আগে গত ২২ এপ্রিল ১৮ হাজার ৫০০ ব্যারেল তেলসহ ‘অনার ২৫’ নামের আরেকটি জাহাজ দখল করে নিয়েছিল সোমালি দস্যুরা।

গত দুই সপ্তাহে এটি চতুর্থ সফল জাহাজ ছিনতাইয়ের ঘটনা, যা এই অঞ্চলে জলদস্যুতা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। 

এদিকে পৃথক এক ঘটনায় আল-মুকালা উপকূলের কাছে একটি মালবাহী জাহাজের দিকে সশস্ত্র ব্যক্তিদের এগিয়ে যাওয়ার খবর দিয়েছে ব্রিটিশ মেরিটাইম ট্রান্সপোর্টেশন অপারেশন।

বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে আন্তর্জাতিক নৌবাহিনী বর্তমানে সেই সংকট মোকাবিলায় বেশি ব্যস্ত। এই নিরাপত্তা ঘাটতির সুযোগ নিয়েই সোমালি উপকূলের সশস্ত্র গোষ্ঠীগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে, যা পুরো অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here