মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাসে অনলাইন ডিগ্রি শেষ করার প্রবণতা যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে। এতে একদিকে শিক্ষার্থীরা সময় ও অর্থ সাশ্রয় করলেও শিক্ষার মান ও ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। অনেক শিক্ষাবিদ বিষয়টিকে স্ক্যাম এর সাথে তুলনা করছেন।
নর্থ ক্যারোলিনার মানবসম্পদ নির্বাহী ক্রিস্টি উইলিয়ামসের অভিজ্ঞতা এখন আলোচনার কেন্দ্রে। তিনি ২০২৪ সালে অফিসের কাজের পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল ও দ্রুতগতির কোর্সের মাধ্যমে মাত্র তিন মাসে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর আরও কম সময়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দুটি ডিগ্রির জন্য তার ব্যয় হয় চার হাজার ডলারের কিছু বেশি।
তার এই অভিজ্ঞতা অনুসরণ করে আরও অনেক শিক্ষার্থী দ্রুত ডিগ্রি শেষ করার কৌশল শিখছেন বলে জানা গেছে। ক্রিস্টি উইলিয়ামসের মতে, সঠিক পদ্ধতি জানা থাকলে সময় কমিয়ে ডিগ্রি শেষ করা অনেক সহজ।
যুক্তরাষ্ট্রে বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় তিন বছর মেয়াদি স্নাতক প্রোগ্রাম চালু করছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই কলেজ ক্রেডিট অর্জনের সুযোগ বাড়ানো হচ্ছে। এর মূল লক্ষ্য উচ্চশিক্ষার ব্যয় কমানো এবং দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশ নিশ্চিত করা।
তবে এই দ্রুতগতির শিক্ষা পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তাদের মতে, কয়েক সপ্তাহ বা কয়েক মাসে অর্জিত জ্ঞান দীর্ঘমেয়াদি তিন বা চার বছরের শিক্ষার সমতুল্য নয়।
এই প্রবণতাকে অনেকে ডিগ্রি হ্যাকিং বা দ্রুত ডিগ্রি অর্জনের ধারা হিসেবে উল্লেখ করছেন। এতে একটি নতুন অনলাইন কনটেন্ট শিল্পও গড়ে উঠেছে যেখানে শিক্ষার্থীরা তাদের দ্রুত সাফল্যের গল্প প্রচার করছেন।
কাউন্সিল অব ইন্ডিপেনডেন্ট কলেজেসের প্রেসিডেন্ট মার্জরি হাস বলেন, এমন ডিগ্রি যদি প্রচলিত মানের সমান না হয় তাহলে নামকরণ নিয়ে পুনর্বিবেচনা প্রয়োজন।
ইউনিভার্সিটি অব মেইন অ্যাট প্রেসক আইল এর ইউরপেস প্রোগ্রামে বর্তমানে তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটি মূলত কর্মজীবী ও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য দ্রুত ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি করেছে।
প্রোগ্রামটির মাধ্যমে অনেক শিক্ষার্থী এক বছরের কম সময়ে ডিগ্রি সম্পন্ন করছেন। কিছু ক্ষেত্রে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কোর্স শেষ করার নজিরও রয়েছে।
এই শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতির বাধ্যবাধকতা নেই। বরং নির্দিষ্ট দক্ষতা অর্জনের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। ফলে শিক্ষার্থীরা নিজের গতিতে দ্রুত এগোতে পারেন।
এছাড়া নির্দিষ্ট ফি দিয়ে একাধিক কোর্স একসাথে সম্পন্ন করার সুযোগ থাকায় দ্রুত শেষ করার প্রবণতা আরও বাড়ছে।
তবে নিয়ন্ত্রক সংস্থাগুলো এই দ্রুত ডিগ্রির মান নিয়ে তদন্তের কথা ভাবছে। নিউ ইংল্যান্ড কমিশন অব হায়ার এডুকেশনের প্রধান ল্যারি শাল জানান কয়েক মাসে স্নাতক ডিগ্রি অর্জনের বিষয়টি তারা খতিয়ে দেখবেন।
অনেক শিক্ষার্থী আবার এই পদ্ধতিকে ইতিবাচক বলেও দেখছেন। তাদের মতে, যারা দক্ষ এবং প্রস্তুত তাদের জন্য চার বছর অপেক্ষা করা প্রয়োজন নেই।
অন্যদিকে সামাজিক মাধ্যমে অনেকেই এই দ্রুত ডিগ্রি অর্জনকে অতিরঞ্জিত বা মর্যাদাহানিকর বলে সমালোচনা করছেন।
বর্তমানে এই বিষয়ে পরামর্শ প্রদানকারী কোচিং ব্যবসাও গড়ে উঠেছে। কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট ফি নিয়ে দ্রুত ডিগ্রি শেষ করার কৌশল শেখাচ্ছে।
সব মিলিয়ে অনলাইন শিক্ষার এই নতুন প্রবণতা শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেও এর গুণগত মান নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট

