পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ শুরু হচ্ছে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকাদের খেলোয়াড় নেইমার জুনিয়র।
ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলছেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছিলেন নেইমার। তবে প্রস্তুতি ক্যাম্প চলাকালে পায়ের পেছনের পেশি চোটে পড়েন তিনি। সেই চোট কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে গেলেও মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের আশা, আগামী সপ্তাহেই সে আবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবে।’
ব্রাজিল জন্য এটি অবশ্যই বড় ধাক্কা। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে নেইমারের অনুপস্থিতিতেও আক্রমণভাগে তারকার অভাব নেই ব্রাজিলের। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, এন্দ্রিক ও ব্রুনো গিমারায়েসদের নিয়ে শক্তিশালী দল গড়েছেন আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্যই তাদের।
ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসে ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকেরা।

