রাজনীতির রুক্ষ জমিতে সেলুলয়েডের ম্যাজিক চলে না, পরাজয়ের তিক্ততা আর নজিরবিহীন অপমানে বিদ্ধ হয়ে অবশেষে সেই কঠিন সত্যই মেনে নিলেন টলিউডের তারকা নির্মাতা রাজ চক্রবর্তী।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে ভরাডুবির পর সক্রিয় রাজনীতি থেকে পাকাপাকিভাবে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করলেন তিনি। ভোটের ফল প্রকাশের পর টানা চার দিন নিভৃতে থাকার পর, বৃহস্পতিবার সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ স্পষ্ট করে দিয়েছেন যে, রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ইতি টানছেন। ব্যারাকপুরের জনতা তাকে ফিরিয়ে দিলেও, যে অভিজ্ঞতার সম্মুখীন তাকে হতে হয়েছে, তা সম্ভবত তার জীবনের অন্যতম যন্ত্রণাদায়ক অধ্যায় হয়েই থাকবে।
গত ৪ মে ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় রাজের দিকে উড়ে এসেছিল জুতো আর কাদা, উঠেছিল কুরুচিকর স্লোগান। একদিন যাদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছিলেন, তাদেরই একাংশের এমন রুদ্রমূর্তি পরিচালককে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
নিজের পোস্টে সেই ক্ষোভ ও অভিমানে সিক্ত হয়ে রাজ লিখেছেন, ব্যারাকপুরের মানুষের জনাদেশ মাথা পেতে নিলেও রাজনীতির ময়দান আর তার জন্য নয়। তিক্ত অভিজ্ঞতাকে সঙ্গী করেই তিনি ফিরে যেতে চান তার পরিচিত স্টুডিওর আলো-ছায়ার জগতে। রাজনীতির ‘প্যাক-আপ’ ঘোষণা করে রাজ জানিয়েছেন, এখন থেকে সিনেমা তৈরিই হবে তার একমাত্র ধ্যানজ্ঞান, কারণ সৃজনশীলতার আঙিনাতেই তিনি খুঁজে পান প্রকৃত সম্মান ও শান্তি।
সূত্র: এই সময়

