সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত।
ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের রোমাঞ্চিত করে। তবে প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় গোল করে ভারত। এরপর বাংলাদেশ ম্যাচে ফেরার বেশ কিছু সুযোগ তৈরি করলেও বিরতির আগে আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে ভারত।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। তবে শেষ চারের টিকিট মিললেও গ্রুপ সেরার লড়াইয়ে আজ মাঠে নেমেছে দুই দল।
গোল ব্যবধানে সুবিধাজনক অবস্থানে থাকায় ভারতের জন্য কেবল একটি ড্র-ই যথেষ্ট। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অঙ্কটা এখানে বেশ পরিষ্কার। যে জিতবে, সে সেমিফাইনালে এড়াতে পারবে গ্রুপ ‘এ’এর শক্তিশালী দল নেপালকে।
দক্ষিণ এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ইতিহাসে ভারত বরাবরই আধিপত্য বিস্তার করে এসেছে। ২০১০ সালে ৭-০ গোলের জয় দিয়ে শুরু করার পর থেকে এ পর্যন্ত ১২ বারের দেখায় ৯ বারই জিতেছে ভারত।
তবে, বর্তমান ফুটবলের চিত্রপট এখন সম্পূর্ণ ভিন্ন। এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি বেঙ্গল টাইগ্রেসদের পক্ষে। ২০২২ ও ২০২৪ সালের আসরে দারুণ সব জয়ের মাধ্যমে ভারতের দীর্ঘদিনের আধিপত্যে বড়সড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। টানা দুবারের চ্যাম্পিয়ন বাঘিনীরা এবার গোয়ায় পা রেখেছে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে। অন্যদিকে, স্বাগতিক ভারতের জন্য এই ম্যাচটি হারানো সম্মান পুনরুদ্ধারের এক অগ্নিপরীক্ষা।

