ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতির বাড়ির দুটি ভবন ভেঙে দিয়েছে এলাকাবাসী। এ সময় ভবনের বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সকাল ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লায় এ ঘটনা ঘটে।
এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকশ উত্তেজিত মানুষ গ্রামের দুটি ভবন গুড়িয়ে দিচ্ছে। এর মধ্যে একটি নির্মাণাধীন। ভবন দুটির মালিক ওই মহল্লার আইয়ুব শেখ (৫১)। এ সময় বাড়ির একটি ঘর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না আক্তার (৪৫) দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তারা গাঁজার পাশাপাশি ইয়াবা বেচাকেনা করছে। অসংখ্যবার তারা আইনশৃঙ্খলা বাহিনীর হতে গ্রেফতার হয়েছে। জেল খেটেছে। জামিনে এসে আবার একই কার্যক্রম পরিচালনা করছে।
এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না ভাঙ্গা, নগরকান্দাসহ দুই-তিন উপজেলার মধ্যে সবচেয়ে বড় গাঁজা ও ইয়াবা কারবারি। তাদের কারণে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে।
ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী মো. মাসুদ হোসেন বলেন, ‘এ দম্পতি এলাকার বড় মাদক কারবারি। তারা মাঝেমধ্যে গ্রেফতার হয়। আবার দুই-চারদিন পর জামিন নিয়ে চলে আসে। আমরা এদেরকে ভালো হয়ে যেতে বলেছিলাম। কিন্তু, তারা ভালো হয়নি। তাই এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে মাদক ব্যবসায়ী দম্পতির দুটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ওই দম্পতিকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরও তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে তিনটি মামলা হয়েছে। তারা তিনবার গ্রেফতার হয়েছেন। এদের বাড়িঘর এলাকাবাসী ভেঙে দেওয়ার খবর কিছুক্ষণ আগে শুনেছি। পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।

