কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে টানা সাত ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষের কারণে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে প্রায় পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। এতে অন্তত ছয়টি ট্রেন পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। একপর্যায়ে সংঘর্ষকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়।
স্থানীয়রা জানান, ১৪-১৫ দিন আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের যুবকদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। ওই খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে ঝগড়া হয়।
সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে (১৭) পঞ্চবটীর কয়েকজন যুবক পথরোধ করে মারধর করে। খবর পেয়ে দুই পক্ষ রেললাইনের পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রেলস্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারাও হামলার শিকার হন। পরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

