ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার সকাল ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আহত স্বামী হানিফ শেখ (২৪) ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার বাসিন্দা। স্ত্রীর নাম সুমাইয়া আক্তার (২২)। তার বাড়িও একই এলাকায়। তবে সম্প্রতি তারা ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে তারা হোগলাডাঙ্গী সদরদী মহল্লার মো. বদিউজ্জামানের বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। রবিবার (২৮ জুন) রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

