ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ২১০ কেজি গাঁজা, ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ উপজেলার চর-লালপুর, বাহাদুরপুর ও আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুগঞ্জ উপজেলার চর-লালপুর গ্রামের মো. মহসিন মিয়া এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের রহমত আলী সুজন।
জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শুক্রবার ভোরে চর-লালপুর এলাকায় অভিযান চালিয়ে মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে আশুগঞ্জ থানার পুলিশ উপজেলার বাহাদুরপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ছাড়া শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় আরেকটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়িটি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং রহমত আলী সুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

