বেথেলের আইপিএল খেলা নিয়ে মুখোমুখি অবস্থানে কুক-পিটারসেন

0
বেথেলের আইপিএল খেলা নিয়ে মুখোমুখি অবস্থানে কুক-পিটারসেন

জ্যাকব বেথেলের আইপিএলে গিয়ে বসে থাকা প্রসঙ্গে কুকের করা সমালোচনার কড়া জবাব দিয়েছেন কেভিন পিটারসেন। কুকের মতে দেশে থেকে কাউন্টি খেলা উচিত ছিল বেথেলের, জবাবে পিটারসেন বলছেন, কাউন্টি খেলার চেয়ে আইপিএলে বসেও থাকাও ভালো।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের সাথে নিজের পুরনো বিরোধটা যেন আরও একবার ইচ্ছা করেই উসকে দিলেন কেভিন পিটারসেন। জ্যাকব বেথেলের আইপিএলে গিয়ে বসে থাকা প্রসঙ্গে কুকের করা সমালোচনার কড়া জবাব দিয়েছেন কেভিন পিটারসেন। কুকের মতে, দেশে থেকে কাউন্টি খেলা উচিত ছিল বেথেলের, জবাবে পিটারসেন বলছেন, কাউন্টি খেলার চেয়ে আইপিএলে বসেও থাকাও ভালো। 

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডেরায় আছেন জ্যাকব বেথেল। তবে আরসিবি ৬ ম্যাচ খেলে ফেললেও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি বেথেল। আন্তর্জাতিক মঞ্চে ফর্মটা বেশ ভালো বেথেলের। অ্যাশেজে সর্বশেষ টেস্টে সিডনিতে ১৫৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। যদিও সেমিতে ভারতের কাছে হেরে বাদ পড়ে ইংলিশরা। তবে চাপের মুখে বেথেলের এমন বীরত্বমাখা ইনিংস চোখে লেগে ছিল অনেকেরই। সব মিলিয়ে ইংল্যান্ডের টপ অর্ডারের ভবিষ্যৎ ভাবা হচ্ছে বেথেলকে।

সেই বেথেল কাউন্টি না খেলে আইপিএলে গিয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না দেখে বেজায় চটেছেন অ্যালিস্টার কুক। সম্প্রতি স্টিক টু ক্রিকেট পডকাস্টে কুক বলেছেন, ‘সিডনিতে যে কন্ডিশনে যেভাবে সে (বেথেল) ব্যাটিং করেছে, তাতে আমার মনে হয়েছে, সে ওপেন করতে পারবে। যে তিন নম্বরে নামতে পারে, সে ওপেনও করতে পারে। কিন্তু পরিস্থিতি অনুকূলে নেই। সে তো ওপেনিংয়ে খেলছে না। আইপিএলে সে হাত-পা গুটিয়ে বসে আছে, কিছুই করছে না। আদর্শ ব্যাপার হতো যদি সে দেশে ফিরে ওয়ারউইকশায়ারের হয়ে ওপেন করত, যা ইংল্যান্ডের জন্যই ভালো হতো।’

পাল্টা জবাব দিতে দেরি করেননি কেভিন পিটারসেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘আইপিএলের পরিবেশ কেমন, সে সম্পর্কে অ্যালিস্টার কুকের বিন্দুমাত্র ধারণা নেই। বিশ্বের সেরা খেলোয়াড়দের সান্নিধ্যে থাকার অভিজ্ঞতা কেমন, তা-ও সে জানে না। তাই জ্যাকব বেথেলকে নিয়ে তাঁর (কুক) মতামতের কোনো মূল্যই নেই। জ্যাকব, তুমি ভারতেই থাকো। আমি জানি, তুমি একাদশে না থাকলেও অনেক কিছু শিখছ এবং এতে তুমি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে।’

কাউন্টি নিয়ে পিটারসেনের মত, ‘কাউন্টি ক্রিকেটের মান যদি নব্বইয়ের দশকের শেষভাগ বা ২০০০ সালের শুরুর দিকের মতো শক্তিশালী হতো, তবে আমিও চাইতাম বেথেল ফিরে এসে সেখানেই খেলুক। কিন্তু এখন সেই দিন আর নেই। বরং বেথেলের ভারতে থাকাটাই ইংল্যান্ডের জন্য বেশি মঙ্গলজনক হবে, আর সেটি সে এরই মধ্যে প্রমাণও করেছে।’

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে আবার নিজের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন জ্যাকব বেথেল নিজেই। বেথেল বলেছেন, ‘আমার মনে হয় না এর কোনো ধরাবাঁধা ঠিক বা ভুল উপায় আছে। ব্যক্তিগতভাবে গত বছর আমি দেখেছি, কিছুদিন খেলার বাইরে থাকায় ভারত সিরিজের শেষ দিকে নিজেকে কিছুটা অপ্রস্তুত মনে হয়েছিল। সেটি আমার জন্য একটা বড় শিক্ষা ছিল। তবে গতবার আইপিএল থেকে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমার আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। এবারও আমি একই রকম অনুভব করছি। ভারতের মাটিতে আইপিএলের মান এবং এখানকার খেলোয়াড়দের সঙ্গে সময় কাটিয়ে আমি নিজেকে পরিণত করেছি। এই টুর্নামেন্ট (আইপিএল) বা কোনো দলের সঙ্গে সরাসরি না থাকলে রোমাঞ্চ বোঝা কঠিন। এখানকার পরিবেশটাই একদম আলাদা। টুর্নামেন্টের মান এত উঁচুতে যে অবচেতনভাবেই সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে।’

বেথেলের মতে, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের চার রাউন্ড খেললে ক্রিজে যতটুকু সময় কাটানো যেত, এখানে হয়তো ততটা সম্ভব নয়। তবে অগণিত মানুষের সামনে নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়ার যে সক্ষমতা, সেটি অর্জন করা আমার ভবিষ্যতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here