বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ভাতিজিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

0
বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ভাতিজিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গত বৃহস্পতিবার বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর সীমা (৩২) ও তার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। নবজাতককে শিশু হাসপাতালে এবং সীমাকে ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে ঢামেকে গিয়ে সীমার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও উপ-পরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রসবের পর সীমার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিলতার কারণে তাকে ঢামেকের আইসিইউতে রাখা হয়েছে এবং একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সীমার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তিনি এখনও আশঙ্কামুক্ত নন।

নবজাতকের অবস্থাও সংকটাপন্ন উল্লেখ করে মন্ত্রী জানান, শিশুটির ওজন ১.৭ কেজি এবং তাকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে মা ও শিশুকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাদের চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই তিনি হাসপাতালে এসেছেন। 

একইসঙ্গে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন রোগীর খোঁজখবর নেন এবং বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here