দেশে হাম রোগের সংক্রমণ বাড়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার বেলা ১১টায় বুড়িচং পৌরসভার পূর্ণমতি কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা গ্রহণের বিকল্প নেই। সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে, তাই অভিভাবকদের সন্তানদের টিকাদানের আওতায় আনার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, নার্সিং কর্মকর্তা ফাতেমা আক্তার, সিএইচসিপি আলেয়া আক্তার, স্বাস্থ্য সহকারী সবুজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা উভয়ই ভাইরাসজনিত সংক্রামক রোগ। হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।
উপজেলার ২১৬টি কেন্দ্রে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি প্রায় ৪৪ হাজার ৩৬৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

