বুড়িচংয়ে অভিযানে ২৫০০ লিটার ডিজেল উদ্ধার, নিলামে বিক্রি

0
বুড়িচংয়ে অভিযানে ২৫০০ লিটার ডিজেল উদ্ধার, নিলামে বিক্রি

কুমিল্লার বুড়িচং উপজেলায় লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

বুধবার রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই, কুমিল্লার তথ্যের ভিত্তিতে ইউএনও মো. তানভীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ও এসআই জিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, ‘সূর্যমুখী’ নামের একটি এজেন্সি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত স্থানের বাইরে তেলের গাড়িসহ ‘জনপ্রিয় ট্রেডার্স’-এ কোনো প্রকার চালান বা মেমো ছাড়াই ডিজেল বিক্রি করছে। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ‘জনপ্রিয় ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দকৃত জ্বালানি তেল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় প্রশাসন। নিলামে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ভরসার বাজারের মেসার্স জিসান ফুয়েল স্টেশনের স্বত্বাধিকারী মো. আব্দুস সালামের কাছে জনসম্মুখে ২ লাখ টাকায় জ্বালানি বিক্রি করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. তানভীর হোসেন বলেন, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি বিক্রি ও মজুদ রাখার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কালিকাপুর বাজারে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here