বিশ্ববাজারে সাশ্রয়ী দামে মানবসদৃশ রোবট বিক্রি শুরু করেছে চীন

0
বিশ্ববাজারে সাশ্রয়ী দামে মানবসদৃশ রোবট বিক্রি শুরু করেছে চীন

চীনের রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকস প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সরাসরি মানবসদৃশ রোবট বিক্রি শুরু করেছে। বুধবার আলিবাবার ই-কমার্স প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেসে প্রতিষ্ঠানটি তাদের আর১ মডেলের রোবট উন্মুক্ত করে।

পূর্ণাঙ্গ মডেলটির দাম ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১৫০ মার্কিন ডলার। এতে আমদানি ফি অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রে বিনা খরচে পাঠানোর সুবিধাও রাখা হয়েছে। এছাড়া আর১ এয়ার নামে ছোট একটি সংস্করণের দাম প্রায় ৬ হাজার ৮০০ ডলার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩০ জুনের দিকে সরবরাহ শুরু হতে পারে।

এই রোবট যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিক্রি করা হবে। বড় কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে সাধারণ ক্রেতাদের জন্য সরাসরি বিক্রির ক্ষেত্রে এটি মানবসদৃশ রোবটের অন্যতম প্রথম উদাহরণ।

প্রায় চার ফুট উচ্চতা এবং ৬৪ পাউন্ড ওজনের এই রোবটকে ‘স্পোর্টস রোবট’ হিসেবে বাজারজাত করা হচ্ছে। এটি সামারসল্ট দিতে পারে (নিজের শরীর দিয়ে সামনে বা পেছনে সম্পূর্ণ উল্টো হয়ে ঘুরতে পারে), ঢাল বেয়ে দৌড়াতে পারে এবং পড়ে গেলে আবার নিজে থেকে উঠে দাঁড়াতে সক্ষম।

চীনে ২০২৫ সালে বাজারে আসার সময় এর প্রাথমিক মূল্য ছিল ২৯ হাজার ৯০০ ইউয়ান (প্রায় ৪ হাজার ৩৭০ ডলার)। আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ার কারণ হিসেবে আমদানি শুল্ক ও পরিবহন ব্যয়ের কথা বলা হয়েছে।

আর১ এয়ার মডেলে ২০ ডিগ্রি অব ফ্রিডম রয়েছে। অন্যদিকে সাধারণ আর১ এবং শিক্ষা-উপযোগী আর১ ইডিইউ সংস্করণে রয়েছে ২৬ ডিগ্রি অব ফ্রিডম। কোমর ও মাথায় অতিরিক্ত নড়াচড়ার সুবিধাও রাখা হয়েছে। তবে কাস্টম সফটওয়্যার ইনস্টল এবং পূর্ণ এসডিকে ব্যবহারের সুবিধা শুধু ইডিইউ মডেলে থাকবে।

বর্তমান বাজারে এই দামকে তুলনামূলকভাবে অনেক কম বলে মনে করা হচ্ছে। টেসলার অপটিমাস এখনো সাধারণ বিক্রির জন্য উন্মুক্ত হয়নি। বস্টন ডায়নামিকসের অ্যাটলাস-ও বাণিজ্যিকভাবে পাওয়া যাচ্ছে না।

এদিকে চীনে মানবসদৃশ রোবট উৎপাদনেও গতি এসেছে। গুয়াংডং প্রদেশের ফোশান শহরে সম্প্রতি এমন একটি কারখানা চালু হয়েছে, যেখানে বছরে ১০ হাজার রোবট তৈরি করা সম্ভব। প্রতি ৩০ মিনিটে একটি ইউনিট উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানানো হয়েছে।

ইউনিট্রির প্রধান নির্বাহী ওয়াং শিংশিং জানিয়েছেন, তাদের এইচ-১ রোবটের গতি ইতোমধ্যে ঘণ্টায় প্রায় ২২ দশমিক ৪ মাইল সমপর্যায়ে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এটি ১০০ মিটার দৌড় ১০ সেকেন্ডের কম সময়ে শেষ করতে পারবে।

প্রতিষ্ঠানটির এই বৈশ্বিক বিক্রয় উদ্যোগকে সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here