বিশ্বজুড়ে সামরিক-রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে: পুতিন

0
বিশ্বজুড়ে সামরিক-রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে: পুতিন

বিশ্বজুড়ে সামগ্রিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসভুক্ত দেশগুলোর সীমান্তের কাছাকাছি নতুন নতুন অস্থিরতার পকেট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সিআইএস সদস্য দেশগুলোর নিরাপত্তা সংস্থা ও বিশেষ পরিষেবা প্রধানদের কাউন্সিলের ৫৮তম বৈঠকে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বেশ কঠিন রূপ ধারণ করেছে, যার স্পষ্ট উদাহরণ হিসেবে মধ্যপ্রাচ্যের মারাত্মক সংকটকে উল্লেখ করা যায়। একই সঙ্গে নিজেদের সীমান্তের কাছে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হওয়ার বিষয়টিও তিনি জোরালোভাবে তুলে ধরেন। উদ্ভূত এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্ভাব্য সব ধরনের হুমকি থেকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নির্ভরযোগ্য সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। এই লক্ষ্য অর্জনে সদস্য দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলোর বিশ্লেষণাত্মক, কর্মীভিত্তিক, কর্মক্ষম এবং প্রযুক্তিগত সক্ষমতাকে সবচেয়ে কার্যকর উপায়ে ব্যবহারের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান এবং সাধারণ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট পুতিন আশা প্রকাশ করেন, এই বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদ, চরমপন্থা, আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ এবং সাইবার অপরাধসহ মৌলিক নিরাপত্তা হুমকিগুলো মোকাবিলা করার সবচেয়ে কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। নিরাপত্তা প্রধানদের এই বৈঠকের সিদ্ধান্ত ও ফলাফল সিআইএসভুক্ত দেশ এবং জনগণের নিরাপদ ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: তাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here