বিশ্বকাপ ভাবনায় ক্যারিবিয়ান স্কোয়াডে হেটমায়ারের প্রত্যাবর্তন

0
বিশ্বকাপ ভাবনায় ক্যারিবিয়ান স্কোয়াডে হেটমায়ারের প্রত্যাবর্তন

ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করে ক্যারিবিয়ানরা। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে শিমরন হেটমায়ারকে এই সংস্করণের দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ ও বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিও।

গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেন হেটমায়ার। এরপর পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা গত তিন সিরিজের দলেই ছিলেন না তিনি। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেন হেটমায়ার। আসরে ১৮৬.৪৬ স্ট্রাইক রেট ও ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেন তিনি। কিন্তু এবারের আইপিএলে একদমই ভালো ছিল না তার পারফরম্যান্স। রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ইনিংসে রান করতে পারেন মোটে ৭৮, স্ট্রাইক ১১৩.০৪।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স নজর কেড়েছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের। তাই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে নজরে রেখে তাকে এই সংস্করণে ডেকেছে ক্যারিবিয়ানরা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে বলেছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর, আগামী বছরের অক্টোবর-নভেম্বরের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে শিমরন হেটমায়ারকে আবারও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে।

এক বছর পর ওয়ানডে দলে ফেরা হেটমায়ারকে লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পাবে না ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৮ জুন শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সিরিজটি শুরু হবে বুধবার (৩ জুন)। দ্বিতীয় ম্যাচে মাঠে গড়াবে ৬ জুন। তিনটি ম্যাচই হবে স্যাবাইনা পার্কে।

পিঠের চোট কাটিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলেই ফিরলেন আলজারি জোসেফ। গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি। তার আগের মাসে সবশেষ ওয়ানডে খেলেন ইংল্যান্ডের বিপক্ষকে। গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজে ছিলেন না মোটি। এক সিরিজ পরই তাকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের বিপক্ষে ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, ইয়োহান লেইন, খ্যারি পিয়ের, রোমারিও শেফার্ড।

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্স একদমই ভালো নয়। সবশেষ ছয়টি ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা। একমাত্র জয়টি এসেছে বাংলাদেশের বিপক্ষে সুপার ওভারে। তবে ঘরের মাঠে ২০২৩ সাল থেকে সর্বশেষ চারটি সিরিজেই জিতেছে তারা। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে আছে দলটি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে তারা। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ১২, ১৪ ও ১৫ জুন হবে ম্যাচ তিনটি। এরপর দুটি টেস্ট খেলবে তারা।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শেই হোপ (অধিনায়ক), আকিম ওগিস, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, শামার স্প্রিঙ্গার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here